বরগুনায় কিশোরীকে অপহরণ-ধর্ষণ, ৫ জনের বিরুদ্ধে মামলা
বরগুনার আমতলীতে এক কিশোরীকে অপহরণ করে এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে আমতলী থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।
অভিযুক্তরা হলেন আমতলী পৌরশহরের বাসিন্দা মাহবুবুর রহমান (৬৫), তার স্ত্রী শেফালী বেগম (৫৮), ছেলে মারুফ হোসেন জিসান (২৫), আবু জাফরের ছেলে জাহিদুল ইসলাম শাওন (৩৫) ও শাওনের স্ত্রী মাহমুদা আক্তার নিপা (৩০)।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর আমতলী চৌরাস্তা থেকে জিসান ও তার সহযোগীরা ওই কিশোরীকে অপহরণ করে। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে এক মাস আটকে রেখে ধর্ষণ করে।
কিশোরীর বাবা বলেন, মেয়ে নিখোঁজ হলে আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপর ১৯ ডিসেম্বর বিকেলে মেয়েকে অজ্ঞান অবস্থায় বাড়ির কাছে ফেলে যায় মারুফ ও তার সহযোগীরা। মেয়েকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার পর থেকেই পলাতক আছে আসামিরা। পুলিশ জানিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।