বরিশালে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশালে পূর্ব শত্রুতার জের ধরে রনি মোল্লা নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন পরিবারের আরও ৩ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। নিহত রনি মোল্লা পেশায় একজন ড্রাইভার। তার বাবার নাম ইয়াসিন মোল্লা।

নিহতের স্বজনেরা জানান, আগে থেকেই হাতকাটা মামুনের সঙ্গে নিহতের পরিবারের শত্রুতা ছিল। মঙ্গলবার দিবাগত রাত বারোটার পর হাতকাটা মামুনের নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে বাকেরগঞ্জ উপজেলার সোনাপুরা গ্রামের রনি মোল্লার বাড়িতে আক্রমণ চালান। এ সময় তারা রনি মোল্লাকে কুপিয়ে আহত করেন। দুর্বৃত্তরা রনির ভাই সোহেল, তৌকির ও তাদের মা কে কুপিয়ে আহত করেন।

বাকেরগঞ্জ থানা পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত একটার দিকে রনি মোল্লা মারা যান।

মোস্তাফিজুর রহমান জানান, মামুনকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে পুলিশ।