বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের অভিযোগ গঠন শুনানি ৩১ মার্চ

স্টার অনলাইন রিপোর্ট

ক্যাসিনো কাণ্ডে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে আগামী ৩১ মার্চ অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।

এ সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাকে আদালতে নেওয়া হয়। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বিএসএমএমইউতে চিকিৎসাধীন।

গত ৭ মার্চ তার আইনজীবী আদালতে জামিন চেয়ে আবেদন করেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, সম্রাট হৃদরোগসহ নানা রোগে ভুগছেন। ২০১৯ সালের অক্টোবর থেকে তিনি কারাভোগ করছেন।

একইদিন জামিন শুনানি গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

২০২০ সালের ৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও অবৈধ ক্যাসিনো কাণ্ডে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, সম্রাট সিঙ্গাপুরের দুটি ক্যাসিনোতে ২২১ কোটি ৫০ লাখ টাকা এবং মালয়েশিয়ার একটি ক্যাসিনোতে ৫০ লাখ ৮৮ হাজার টাকা পাচার করেন।

এতে আরও উল্লেখ করা হয়, অবৈধ ক্যাসিনো থেকে তিনি ১২১ কোটি ৮ লাখ টাকা অর্জন করেছেন।

এর আগে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালেল ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই বছরের ৬ অক্টোবর র‌্যাব তাকে আটক করে। পরবর্তীতে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রাজধানী ঢাকার বিভিন্ন ক্লাবে র‌্যাব অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে অভিযান শুরু করলে সম্রাটের নাম আলোচনায় উঠে আসে। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন আদালতে অর্থ পাচারসহ ৩ মামলা রয়েছে।