বাঁশখালীতে বালু উত্তোলনের অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার পুইছড়ি এলাকায় ৩ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- পুইছড়ি ইউনিয়নের মো. জসীম উদ্দীন (৩৪), সেলিম উদ্দিন (২৮), বোরহান (২৬)।

আজ বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

উমর ফারুক বলেন, 'জঙ্গল পুইছড়ি এলাকায় একটি ছড়া থেকে স্থানীয় ১১ জন প্রভাবশালী অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এই বিষয়ে অভিযোগ পেয়ে আজকে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাই। এরপর ঘটনাস্থল থেকে ৩ জন শ্রমিককে আটক করা হয়। পাশাপাশি  দুইটি বালুর ট্রাক ও উত্তোলিত ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।'

আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয় নিয়মিত মামলা করবে বলে জানান তিনি।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার ও সহকারী পরিচালক আশরাফ উদ্দিন অংশ নেন।