বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীতে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- জালাল বেপারি (৩৫) ও চাঁন মিয়া (৩৮)।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৯৯৯- এর ফোকাল পারসন (জনসংযোগ ও গণমাধ্যম) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯- এর মাধ্যমে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া যায়। বাকপ্রতিবন্ধী হওয়ায় ওই তরুণী এ বিষয়ে কাউকে বলতে পারেননি। ধর্ষণের ভিডিও এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা এ সম্পর্কে জানতে পারেন।

পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার আরও জানান, ৯৯৯-এর কলটেকার এএসআই ফেরদৌস কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে ডেমরা থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। পরে ৯৯৯-এর ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার হালনাগাদ তথ্য নিতে থাকেন।

ধর্ষণের অভিযোগ পেয়ে ডেমরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অভিযোগকারী ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী স্থানীয়দের সহায়তায় স্বল্প সময়ের মধ্যে ধর্ষণে জড়িতদের শনাক্ত করে। এরপর তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, একইদিনে (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় রংপুরের হারাগাছ থানার সারা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার কন্যাশিশুকে এক ব্যক্তি ধর্ষণ করে আটকে রেখেছেন।

কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ কলটি রিসিভ করেছিলেন। নিয়ম অনুযায়ী, তিনি সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করে। সেইসঙ্গে ধর্ষণে জড়িত অভিযোগে মতিয়ার নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় একটি মামলা হয়েছে।