বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী গ্রেপ্তার
বাগেরহাটের মোরেলগঞ্জে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বাগেরহাটের ইনচার্জ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, গতকাল মঙ্গলবার আইনজীবী গোলাম কিবরিয়া তারিক তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, গতকাল বিকেলে সরকারি এস এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক নীতিশ বিশ্বাস বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় তারিকের বিরুদ্ধে অধ্যক্ষ, অধ্যক্ষের পরিবার, কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগ করেন।
গ্রেপ্তারকৃত তারিক মোরেলগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।
অধ্যক্ষ নীতিশ বিশ্বাস বলেন, 'বেশ কিছু দিন ধরে গোলাম কিবরিয়া তারিক ফেইসবুকে আমার, আমার পরিবার ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত মানহানিকর পোস্ট দিচ্ছিলেন। এতে আমরা সামাজিকভাবে হেয় হচ্ছিলাম। এজন্য আমি মোরেলগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।'