বান্দরবানে গুলি করে যুবককে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় মং ক্যাও চিং মারমা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী গুলি করে মং ক্যাও চিং মারমাকে হত্যা করেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, ক্যাও চিং মারমা একটি বাহিনীর সদস্য ছিলেন। তার বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালীয়া এলাকায়। স্ত্রীকে নিয়ে যেতে তিনি লামায় শ্বশুর বাড়িতে এসেছিলেন।