বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫
নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া হত্যাকাণ্ড মামলার প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে র্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি ও শুটার মো. রিমন ও মহিন উদ্দীনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের নোয়াখালীর চরক্লার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি ও দেশীয় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
আগামীকাল বুধবার নোয়াখালী র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এর আগে, গত ১৩ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী শিশু তাসফিয়া ওরফে জান্নাত নিহত হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
সেদিন বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার একদিন পর বৃহস্পতিবার বিকেলে নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমনকে (২৫) প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবির হাট উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে র্যাব ৫ জনকে গ্রেপ্তার করায় এ মামলায় মোট ৯ জন গ্রেপ্তার হলো।
