বাবার মারধরে ছেলের মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাবার মারধরে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরে বাবা ছেলেকে মারধর করেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত বাবা রুবেলকে (৩০) আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বেহাকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

মারধরের পর নিজ বাড়িতে ছেলের মৃত্যু হয়েছে, এমন খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সোনারগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত বাবা রুবেল তার ছেলে সজিবকে (১২) লাঠি দিয়ে পেটায় এবং পেটে লাথি মারে। এতে সজিব অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে স্থানীয় ডাক্তার দেখানো হয়।'

'আজ সন্ধ্যায় সজিবের নাক ও কান থেকে রক্ত বের হতে থাকলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় প্রতিবেশীরা। পরে সেখানকার ডাক্তার সজিবকে মৃত ঘোষণা করেন,' বলেন তিনি।

এসআই সুজন বলেন, 'এ ঘটনায় বাবা রুবেলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'