বাসা ভাড়ার ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এক শিক্ষার্থী বাসা ভাড়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে তার সঙ্গে এক নারী যোগাযোগ করেন। পরে ওই শিক্ষার্থীকে বাসা দেখানোর নাম করে কৌশলে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। বাসা দেখানোর কথা বলে এমন অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন-শরিফা আক্তার সাথী (২৭), মাসুম শেখ (৩৮), আশিক আলী (২৩), মুনতাসির আলী (২৯) ও পলাশ (২৭)।

সোমবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ওই শিক্ষার্থী বাসা ভাড়া চেয়ে পোস্ট দিলে শরিফা আক্তার তার সঙ্গে যোগাযোগ করেন। পরে তাকে বাসা দেখানোর নাম করে কৌশলে নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় জনৈক এনামুল হকের বাড়িতে নিয়ে আটকে রাখে।

এ সময় চক্রের অন্য সদস্যরা ওই শিক্ষার্থীকে মারধর করেন এবং তার অশ্লীল ছবি তোলে। পরে তাকে পুলিশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এক পর্যায়ে ১৪ হাজার ৯০০ টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।

কমিশনার বলেন, 'ওই শিক্ষার্থী পুলিশের কাছে অভিযোগ করলে ডিবি পুলিশের একটি দল চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস ফোন, পুলিশের জুতা, চাকু, নগদ ৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।'

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঘটনা সূত্রে পুলিশ জানায়, ওই শিক্ষার্থী বাসা ভাড়া নেওয়ার জন্য রাজশাহী বাসা ভাড়া নামে একটি ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলেন।