বাসে ২ জাবি শিক্ষার্থীর পোশাক কাটার অভিযোগে আটক ১

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার সাভারে চলন্ত বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীর জামা কেটে দেওয়ার ঘটনায় এক জনকে পুলিশে সোপর্দ করেছেন যাত্রীরা। আজ শনিবার সকাল ১১ টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ওই ব্যক্তির নাম মো. হারুন-অর-রশীদ (৫৩)। গাজীপুরের কাপাসিয়া থানার রায়েদ এলাকায় তার বাসা। ভুক্তভোগীদের মধ্যে একজন জাবির স্নাতকোত্তর ও আরেকজন একই বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের শিক্ষার্থী।

ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, জাবির প্রান্তিক ফটক থেকে তারা দুজন ঠিকানা পরিবহনের একটি বাসে উঠেন। বাসটি হেমায়েতপুর পৌঁছালে পেছন থেকে শরীরে স্পর্শের অনুভূতি পান। বিষয়টি প্রথমে গুরুত্ব না দিলেও পরে আবার স্পর্শের অনুভূতি পান। এ সময় পেছনে হাত দিয়ে দেখেন জামার বেশ কিছু অংশ কাটা। পেছনের সিট থেকে হারুন-অর-রশীদকে তাড়াহুড়ো করে উঠে যেতে দেখেন তিনি। পরে বাসের অন্য যাত্রীদের সহায়তায় তাকে আটক করে হেমায়েতপুর পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে যাত্রীরা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা মামলা করতে এসেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।