বাস চালানো সেই এএসআই ২ দিনের রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গুলিস্তানে গতকাল বাসচাপায় ২ জন নিহতের ঘটনায় করা মামলায় পুলিশের এএসআই এমাদুল হককে ২ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

দুর্ঘটনায় নিহত তুষারের বাবা কামালউদ্দিনের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার এএসআই এমাদুলকে আদালতে হাজির করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্স এলাকায় ওই দুর্ঘটনার সময় বাসটি এএসআই এমাদুল চালাচ্ছিলেন বলে ওসি জানান।

পরে সন্ধ্যার দিকে এএসআই এমাদুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

দুর্ঘটনায় প্রবাসী শুকুর মাহমুদ বাবুল ও রাইসুল কবির তুষার নিহত হন।

নিহত তুষারের বাবা বৃহস্পতিবার রাতে এমাদুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।