বিএনপির শোভাযাত্রায় ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত অর্ধশত
মানিকগঞ্জের সিঙ্গাইরে বিএনপির শোভাযাত্রায় ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আলী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। সকালে পৌর এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। এসময় পেছন দিক থেকে লাঠিশোটা নিয়ে শোভাযাত্রার উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলী, জামির্ত্তা ইউনিযন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্রদল নেতা রাকিব ও সোহাগসহ দলটির অর্ধশত নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে মিজানুর রহমানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু) ভর্তি করা হয়েছে। আহত কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ও সাভারের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
হামলায় ছাত্রলীগের কেউ জড়িত নন বলে দাবি করেছেন সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীনুর রহমান।
তিনি জানান, বিএনপির শোভাযাত্রায় হামলার সাথে ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নন। বিএনপির অভ্যন্তরীণ বিরোধে নিজেরা মারামারি করে ছাত্রলীগের নেতাকর্মীদের দোষারোপ করা হচ্ছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।