বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাত-পা হারানো শিশুকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চান হাইকোর্ট
সাতক্ষীরার প্রতাপনগরে অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হাত ও এক পা হারানো শিশু রাকিবুজ্জামানকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের মধ্যে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এবং সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার, প্রকল্প পরিচালক, জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলার প্রধান বিদ্যুৎ পরিদর্শককে এই রুলের উত্তর দিতে বলা হয়েছে।
একই সময়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালক ড. সামন্ত লাল সেনকে দেশে ও বিদেশে রাকিবুজ্জামানের জন্যে কী চিকিৎসা প্রয়োজন তার আদালতকে অবহিত করতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রাকিবুজ্জামানের বাবা আব্দুর রাজ্জাক ঢালির দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল অ্যান্ড অর্ডার জারি করেছে।
রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ২০ মার্চ রিট আবেদনকারীর দোতলা বাড়ির ওপর দিয়ে অবৈধভাবে ক্যাপলেস বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন করা হয়। তবে, তিনি সংশ্লিষ্ট কার্যালয়কে এটি না করার অনুরোধ করেছিলেন।
তিনি আরও জানান, গত মে'তে রিট আবেদনকারীর ছেলে রাকিবুজ্জামান তাদের বাড়ির ওপর দিয়ে স্থাপিত বিদ্যুৎ সরবরাহ লাইনের অবৈধ সংযোগের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন।