বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে আজ গ্রেপ্তার ৬০৪

স্টার অনলাইন রিপোর্ট

দেশব্যাপী চলমান লকডাউনে বিধিনিষেধ অমান্য করার দায়ে রাজধানী থেকে আজ ৬০৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

ডিএমপির মিডিয়া উইংয়ের তথ্য অনুযায়ী, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৬০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার নয়শ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগে জানিয়েছে, ৭২৭টি গাড়িকে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেশের কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধের সময়সীমা গত সপ্তাহে বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়- এই সময়ের মধ্যে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তা এবং জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।