বিশ্বজিৎ হত্যা মামলা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বগুড়ায় গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দীনকে (৩৩) বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোররাতে বগুড়ার শিবগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, 'আজ ভোররাত সাড়ে ৩টায় তাকে উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ বছর পলাতক থাকার পর আজ তিনি গ্রেপ্তার হলেন।'

ওসি জানান, বিশ্বজিৎ হত্যার মামলাটি ঢাকার সূত্রাপুর থানায় দায়ের হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকেই আলাউদ্দীন পলাতক ছিলেন। তিনি পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার বাসিন্দা। সে কারণে তার বিরুদ্ধে আটোয়ারি থানায় ওয়ারেন্ট পাঠানো হয়। এরপর শিবগঞ্জে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এখন তাকে পঞ্চগড়ের আটোয়ারি থানায় হস্তান্তর করা হবে।

২০১২ সালের ৯ ডিসেম্বর সকালে বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা হরতালের সময় রাজধানীর বাহাদুর শাহ পার্কের কাছে আমন্ত্রণ ট্রেইলার্সের মালিক বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করা হয়।

বিশ্বজিৎ হত্যাকাণ্ড দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে ২০১৩ সালের ডিসেম্বরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ হত্যা মামলার রায় ঘোষণা করে। বিচারিক আদালতের রায়ে ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ৬ আগস্ট নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, চার জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন এবং অন্য ২ জনকে খালাস দেন হাইকোর্ট।

এ ছাড়াও, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে আপিল করা ২ জন খালাস পান।