বিষটোপে ১৪ পরিযায়ী পাখি হত্যা, বিক্রির সময় আটক ১
সিলেটের জৈন্তাপুর এলাকার হাওরাঞ্চলে বিষটোপ দিয়ে হত্যা করা ১৪টি পরিযায়ী বালিহাঁস বিক্রির সময় আব্দুস সালাম (৫১) নামের একজনকে আটক করেছে বন বিভাগ।
আজ রোববার বিকেলে সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।
তিনি বলেন, 'জৈন্তাপুরের হাওরাঞ্চল থেকে বিষটোপ দিয়ে হত্যা করার পর পাখিগুলো একজন ক্রেতার কাছে বিক্রির জন্য সিলেট নগরীতে নিয়ে আসেন আব্দুস সালাম। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।'
আটক আব্দুস সালাম উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, হাওরাঞ্চলের পাখি শিকারীরা বিষটোপ দিয়ে এসব পাখি হত্যা করে থাকেন। তারপর এগুলো হরিপুরের বিভিন্ন রেস্টুরেন্ট এবং সিলেট নগরীর গণ্যমান্য ব্যক্তিদের কাছে চাহিদা অনুযায়ী সরবরাহ করেন তারা।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, 'আইনে নিষেধ থাকলেও প্রয়োগের দুর্বলতার কারণে সিলেটের হাওরাঞ্চলে বিষটোপ দিয়ে পরিযায়ী ও বন্য পাখি হত্যা এখনও বন্ধ হচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।'