বৃদ্ধা মাকে গোয়াল ঘরে রাখার অভিযোগ, ২ ছেলে ও পুত্রবধূ আটক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বৃদ্ধা মাকে গোয়াল ঘরে রাখার অভিযোগে ২ ছেলে ও ১ পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
বৃদ্ধা আয়েশা বেগম (৮৫) উপজেলার মধ্য চারিগ্রাম এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার ছেলে কলম (৫৫), মোস্তফা কামাল (৪৫) ও পুত্রবধূ মর্জিনাকে (৩২) আটক করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ৬ মাস আগে ওই বৃদ্ধাকে ঘর থেকে বের করে গোয়াল ঘরে রাখেন তার সন্তান ও সন্তানের স্ত্রীরা। প্রতিবেশীরা তাকে সহযোগিতা করতে চাইলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ পাওয়া যায়।
বিষয়টি পুলিশ জানতে পেরে অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধাকে উদ্ধার করে এবং তার দুই ছেলে ও এক ছেলের স্ত্রীকে আটক করে।
ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, 'অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আটক ৩ জনকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।'