বেনাপোলে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, গ্রেপ্তার ১
বেনাপোল-যশোর সড়কের নাভারন এলাকা থেকে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে একটি কাভার্ডভ্যান বোঝাই আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও শাড়ি, কসমেটিকস, তৈরি পোশাক এবং কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
এসব মালামাল জব্দ করার সময় এর সঙ্গে থাকা একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ইসরাফিল ইসলাম (২২) বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নাভারন এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান জব্দ করে। কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৬০ পিচ উন্নতমানের শাড়ি, ৯০০ পিচ শেরওয়ানি, ২৫০ কৌটা জর্দা, ১৩৮ কেজি কারেন্ট জাল, ৫১ হাজার পাতা বিভিন্ন ধরনের ওষুধ, এক হাজার ১৪৬ বোতল হোমিওপ্যাথি ওষুধ ও বিভিন্ন কোম্পানির কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
বিজিবি এ সময় কাভার্ডভ্যানের চালক, হেলপার ও মালামালের ম্যানেজারকে আটক করে। চালক ও হেলপার পণ্যের মালিক না হওয়ায় ম্যানেজারকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ম্যানেজারকে থানায় সোপর্দ করা হয়েছে এবং মালামাল বেনাপোল কাস্টম হাউসে জমা রাখা হয়েছে।