বেনাপোলে ভাতিজার হাতে ওয়ার্ড আ. লীগ নেতা খুনের অভিযোগ, আহত ২
যশোরের বেনাপোল পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মগর আলী (৬৫) হত্যার শিকার হয়েছেন। আজ রোববার সকালে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে লাগা মারামারিতে তিনি নিহত হয়েছেন। গতকাল রাতে কাগমারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল মগর আলীর সঙ্গে জমি নিয়ে তার ভাই আরব আলীর কথা কাটাকাটি হয়। সে সময় আরব আলীকে তার ভাইকে মারধরও করেন। এর প্রতিশোধ নিতে মগর আলী বাড়িতে এসে তার ২ ছেলে হাসান ও হোসেন এবং নাতির ছেলে ইয়াসিনকে ডেকে নিয়ে যান। দুপক্ষের মারামারির এক পর্যায়ে আরব আলীর ছেলে হারুন ছুরি দিয়ে মগর আলীর পেটে ও বুকে আঘাত করেন।
চাচাকে বাঁচাতে ঘটনাস্থলে এসে মগর আলীর ভাতিজা হাসান আলী ও তার ছেলে ইয়াসিন গুরুতর আহত হন। গ্রামবাসী তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মগর আলী মারা যান, জানান তারা।
কামাল হোসেন ভূঁইয়া আরও বলেন, হাসান আলী ও তার ছেলে ইয়াসিনের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অপরাধীকে আটকে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।