বেনাপোলে হ্যান্ডলিং কার্যক্রম দখলে নিতে বোমা হামলা

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

বেনাপোল স্থল বন্দরের হ্যান্ডলিং কার্যক্রমের দখল নিতে সেখানকার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে মুহুর্মূহু বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এই ঘটনায় পথচারীসহ বন্দরের অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। এরপর থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকালে কিছু বুঝে উঠার আগেই শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে একের পর এক বোমার বিস্ফোরণ ঘটতে থাকে। এ সময় আতঙ্কিত শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। বোমায় গুরুতর আহত ইমরান হোসেন নামের একজনকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সংশ্লিষ্টদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকের ঠিকাদারি কাজ দখলে নিতে ২টি গ্রুপ মুখোমুখি অবস্থানে আছে।

বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার অহিদুজ্জামান অহিদ অভিযোগ করে বলেন, 'বহিরাগত শ্রমিকরা আজকের বোমা হামলার সঙ্গে জড়িত। অন্তত ৫০টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা।'

এ বিষয়ে নাভারন পুলিশের 'ক' সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে রাশেদ নামের এক কাউন্সিলরের এর নেতৃত্বে এই বোমা হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।'