বেনাপোলে ৫০ সোনার বারসহ গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল      

ভারতে পাচারের সময় বেনাপোল-যশোর সড়কের নতুনহাট এলাকা থেকে ৫ দশমিক ৮৪০ কেজি ওজনের ৫০টি সোনার বারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

আজ শুক্রবার সকালে তৌহিদুল ইসলাম (৪৩) ও  ইমরান হোসেন (৩৫) নামের ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়।   

৪৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌফিক মাহমুদ জানান, মোটরসাইকেলে করে যশোর থেকে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের খবর পেয়ে আজ সকালে বিজিবি সদস্যরা বেনাপোল-যশোর হাইওয়ে সড়কের নতুনহাট এলাকায় অবস্থান নেন। এ সময় বেনাপোলগামী একটি মোটরসাইকেল থেকে ওই ২ জনকে আটক করা হয়।

 তাদের দেহ তল্লাশি করে ৫০টি সোনার বার জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।  

মেজর তৌফিক মাহমুদ আরও জানান, আটকরা বিজিবির কাছে স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছেন। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। তাদের বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।