বেসিক ব্যাংকের কত টাকা উদ্ধার হয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট
বেসিক ব্যাংক থেকে আত্মসাৎ করা কত টাকা এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা গেছে, ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে শেখ আব্দুল হাই বাচ্চু ব্যাংকের বোর্ডের সভাপতি থাকাকালীন বেসিক ব্যাংক থেকে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খানকে ১৮ আগস্টের মধ্যে লিখিতভাবে আত্মসাৎ করা অর্থ উদ্ধারের বিষয় অবহিত করতে বলেছেন হাইকোর্ট।
ঋণ কেলেঙ্কারির অভিযোগে দুদকের দায়ের করা সাতটি পৃথক মামলায় বেসিক ব্যাংকের শান্তিনগর শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলীর দায়ের করা সাতটি পৃথক আবেদনের শুনানির সময় বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।
বেঞ্চ দুটি মামলায় মোহাম্মদ আলীর জামিন মঞ্জুর করেন এবং আরও পাঁচটি আবেদনের শুনানি ১৮ আগস্ট পর্যন্ত মুলতবি করেন।
আইনজীবী খুরশিদ আলম খান হাইকোর্টকে বলেন, দুদক দুর্নীতিকারীদের কাছ থেকে প্রায় এক হাজার কোটি টাকা উদ্ধার করেছে এবং তা রাষ্ট্রীয় ভাণ্ডারে জমা দিয়েছে।
আদালতে মোহাম্মদ আলীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।