বৈদেশিক ডাকের চালানে পিস্তল: কর অফিসের কর্মী কামরুল গ্রেপ্তার
বৈদেশিক ডাকে ইতালি থেকে ২টি পিস্তল আমদানির অভিযোগে করা মামলায় চট্টগ্রাম কর অফিসের কর্মী মজুমদার কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বন্দরনগরীর হালিশহর ব্লক-১ এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে গ্রেপ্তারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা অভিযান পরিচালনা করে।
সিএমপির ডাবলমুরিং জোনের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'অস্ত্র জব্দের পর গ্রেপ্তার এড়াতে তিনি শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিলেন।'
গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বৈদেশিক ডাকে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি এইটএমএম পিস্তল ও ৬০ কার্তুজ বুলেট উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস সূত্র জানায়, সিজিএস কলোনির বাসিন্দা কামরুল হাসানের ঠিকানায় গৃহস্থালী সামগ্রীর একটি চালান পাঠান রাজীব বড়ুয়া। চালানটি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ফরেন পোস্ট অফিসে চালানটি ইতালির রোম থেকে আসে।
এ ঘটনায় কামরুল ও রাজীবকে আসামি করে সোমবার নগরীর বন্দর থানায় মামলা করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

