ব্যবসায়ী শিবু লাল অপহরণের পরিকল্পনা হয় ফেব্রুয়ারিতে: ডিবি

স্টার অনলাইন রিপোর্ট

পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণের পরিকল্পনা হয় গত ফেব্রুয়ারিতে। এরপর একাধিক দিন রেকির পর গত ১১ এপ্রিল অপহরণ করা হয়  বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)। অপহরণে অংশ নেয় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির চালকও। 

অপহরণের ঘটনায় মূল হোতা মুফতি মামুন ওরফে ল্যাংড়া মামুনসহ ৪ জনকে গতকাল গ্রেপ্তারের পর আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিবি পুলিশ।

গতকাল রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ডিবি পুলিশের গুলশান বিভাগের একাধিক টিম অভিযুক্তদের গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল হোতা মামুন জানিয়েছেন গত ফেব্রুয়ারিতে পটুয়াখালী লঞ্চঘাটের কাছে মামুনের গার্মেন্টস অফিসে শিবু লালকে অপহরণের পরিকল্পনায় অংশ নেয় ল্যাংড়া মামুন, পিচ্চি রানা, আশিকুর রহমান পাভেল ও বিআরটিসির ড্রাইভার জসিম উদ্দিন। এসময় ঢাকা থেকে যোগ দেন জসিম উদ্দিন মৃধা এবং তার ভাই গাড়ির দালাল আশিক মৃধাও।

গত ১১ রাত সাড়ে ৮টার দিকে শিবু লাল দাস গলাচিপার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের পাজেরো জিপ নিয়ে পটুয়াখালী শহরে বাসায় ফেরার পথে ড্রাইভারসহ নিখোঁজ হন। 

ডিবি জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, গাড়িসহ অপহরণের পর বরগুনার আমতলী এলাকার গাজিপুরায় গিয়ে ভিকটিমের জিপ গাড়ি থেকে তাদেরকে তোলা হয় ঢাকা থেকে নিয়ে যাওয়া একটি গাড়িতে।  সেখানে ভিকটিম দুই জনকে বেঁধে প্লাস্টিকের বস্তায় ঢোকানো হয়। রাত সাড়ে এগারোটার দিকে ল্যাংড়া মামুন ও পিচ্চি রানা পটুয়াখালীর বাঁধঘাট এলাকায় ভিকটিমদের বহনকারী গাড়ি বুঝে নেয়। নিযে যাওয়া হয় তার এইচ ডি রোডের নিজস্ব মেশিনঘর কাম টর্চার সেলে। পরে নিয়ে যাওয়া হয় এসপি কমপ্লেক্স সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের অস্থায়ী সেলে। রাতভর চলে নির্যাতন। রাত পৌনে একটায় বিল্লাল ভিকটিমের সিম থেকে ভিকটিমের স্ত্রীকে ফোন দিয়ে পরের দিন দুপুর ২টার মধ্যে ২০ কোটি টাকা মুক্তিপণ দিতে বলে। মুক্তিপণের টাকা না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে শিবু লালকে হত্যার হুমকি দেয়।

তবে অপহরণের ২৬ ঘন্টা পর শিবু লালকে উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মারামারি, মাদক এবং অপহরণের একাধিক মামলা রয়েছে। মামুনের বিরুদ্ধে নিজের ভগ্নিপতির টাকা মেরে দিয়ে পটুয়াখালী জেলা শহরে একাধিক দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান করার অভিযোহ আছে। ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষদের তার ২টি টর্চার সেলে আটকে রেখে আপত্তিকর ছবি তুলে তাদের কাছ থেকে টাকা নেওয়ারও অভিযোগ আছে। শিবু লালকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে যে কোটি টাকা অর্জিত হবে তা দিয়ে গার্মেন্টসের ব্যবসা করতে চেয়েছিলেন তিনি।  অপর আসামি পিচ্চি রানা ট্রাক কিনে ঢাকা - পটুয়াখালী রুটে পরিবহনের ব্যবসা করবে বলে জিজ্ঞাসাবাদে জানায়। বিটিআরসি ড্রাইভার জসিম উদ্দিন মৃধা অপরের গাড়ি না চালিয়ে মুক্তিপণের টাকায় দিয়ে বাস কিনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে পটুয়াখালী রুটে চালানোর পরিকল্পনা ছিল  বলে জানিয়েছে।  

আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।