ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার ভোর ৫টার দিকে ওই উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ।

নিহত আতিকুর রহমান সুমন (২৮) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভাধীন আলেপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

ওসি জানান, বেশ কয়েক বছর ধরে ওই গ্রামের এক বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সুমন। বাঘাউড়া গ্রামের বাজারে তিনি একটি ফার্নিচারের দোকান পরিচালনা করতেন। সোমবার ভোররাতে সেহরি খাওয়া শেষে ঘর থেকে বের হওয়ার পরপরই কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, স্থানীয় এক গৃহবধুর সঙ্গে পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে প্রকৃতপক্ষে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কে বা কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।