বড়পুকুরিয়া: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ১ ডিসেম্বর

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত।

আজ রোববার মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিন নির্ধারিত ছিল। তবে খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার আইনজীবী অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানান। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এইচ এম রুহুল ইমরান আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে বিচারিক কার্যক্রম চালাতে হাইকোর্ট বিভাগের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলের জন্য আবেদন (লিভ টু আপিল) করেছিলেন খালেদা জিয়া। ২০১৭ সালের ২৮ মে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ ওই আবেদন খারিজ করেন।

দুর্নীতি মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন খালেদা জিয়া। ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর ওই আবেদন খারিজ করে বিচার কার্যক্রম চালানোর নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশের বিরুদ্ধে পরবর্তীতে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের জন্য ওই বছরের ২৮ মে দিন নির্ধারণ করেন সর্বোচ্চ আদালত।

দুদকের অভিযোগ, বিবাদীরা তাদের ক্ষমতার অপব্যবহার করে বড়পুকুরিয়া কয়লা খনির কাজ একটি চীনা কোম্পানিকে পাইয়ে দেন। এতে রাষ্ট্রের ১৫৯ কোটি টাকা ক্ষতি হয়েছে।