বয়স বেশি দেখিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে মামলার আসামি
প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে মামলার আসামি করা হয়েছে। মামলার অভিযোগে তার বয়স দেখানো হয় ২২ বছর। এই মামলায় তার ১৭ বছরের বোনকেও আসামি করা হয়।
ওই শিক্ষার্থী আজ তার পরিবারের সদস্যদের সঙ্গে জামিনের আবেদন নিয়ে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটট আদালতে হাজির হলে বিষয়টি ধরা পড়ে। আদালত দুই ভাই-বোনের জামিন মঞ্জুর করেছেন। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে আদালত বাদী পক্ষের আইনজীবীকে তলব করেছেন।
ওই শিশুর আইনজীবী মো. সোলায়মান সিকদার দ্য ডেইলি স্টারকে জানান, পটুয়াকালী টাউন কালিকপুর এলাকার বাসিন্দা মাসুম বিল্লাহ ৮৪ লাখ টাকা দাবি করে কলাপাড়া উপজেলার তুলাতলি এলাকার প্রয়াত মাসুম তালুকদারের আট ওয়ারিশের নামে গত ১২ আগস্ট পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলা করেন। মাসুম তালুকদার ১২ একর জমি বিক্রির কথা বলে ৮৪ লক্ষ টাকা নিলেও তার জীবদ্দশায় জমির দলিল দেননি বলে মামলায় অভিযোগ করা হয়।
মাসুম তালুকদার ২০১৭ সালের ১৯ অক্টোবর মারা গেছেন।
এই মামলায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে আসামি করে তার বয়স ২২ বছর দাবি করা হয়। কিন্তু জন্ম নিবন্ধন অনুযায়ী ওই শিশুর জন্ম তারিখ ২ জানুয়ারি, ২০১৩। তার বোন নবম শ্রেণির শিক্ষার্থীর প্রকৃত বয়স ১৭ বছর হলেও মামলায় ১৯ বছর দেখিয়ে আসামি করা হয়। আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করলে আজ তারা হাজির হন।
পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠান। ট্রাইব্যুনালের বিচারক মো. মইনুল হক তাৎক্ষণিক অপ্রাপ্তবয়স্ক ভাই-বোনের জামিন মঞ্জুর করে বাদী পক্ষের আইনজীবীকে তলব করেন।
এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী মো. মোহসীন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, 'বিষয়টি দুঃখজনক। মামলা দায়েরের ক্ষেত্রে বিচার প্রার্থী এবং আইনজীবীদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।'
আসামিদের একজন ডেইলি স্টারকে বলেন, 'হয়রানি এবং জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা করা হয়েছে।'