ভগ্নিপতির ঢেলে দেওয়া গরম পানিতে ঝলসে গেলেন ২ ভাই

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় ভগ্নিপতির ঢেলে দেওয়া গরম পানিতে ঝলসে গেছে ২ সহোদরের শরীর।

আজ বুধবার ভোর ৪টার দিকে ঢাকা উদ্যান তেলের পাম্পের পাশে সাগর ফার্মেসি সংলগ্ন একটি বাড়ির নিচতলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রাসেল (৩৪) ও বাবু (২৪)। তাদের ২ জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা ২ জনই পেশায় রিকশা চালক।

দগ্ধ রাসেল ও বাবুর বড় বোন হোসেন আরা জানান, স্বামী আতাউর রহমান ও ছোট ভাই বাবুকে নিয়ে ঢাকা উদ্যানের বাসায় ভাড়া থাকেন তারা। ২ দিন আগে তার বড় ভাই রাসেল গাজীপুর থেকে ওই বাসায় বেড়াতে আসেন। গতকাল মঙ্গলবার সকালে হোসনে আরা ও তার স্বামী আতাউরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সেসময় বাবু তাদের থামাতে গেলে তার ওপর চড়াও হন আতাউর। তখন তাদের ২ জনের জনের মধ্যে সামান্য হাতাহাতিও হয়।

হোসনে আরা বলেন, 'আজ ভোরে ঘুমন্ত অসস্থায় আতাউর রাসেল ও বাবুর শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে তাদের মুখ, বুক ও পেটসহ শরীরের বেশ কিছু জায়গা দগ্ধ হয়।'

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গরম পানিতে রাসেলের শরীরের ১৪ শতাংশ ও বাবুর শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।