ভন্ড পীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরে এক ভন্ড পীরের বিরুদ্ধে ভক্তকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওই পীরের সহযোগী সাগর আলীকে (৪৫)।

আজ বুধবার ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে মামলা করলে কথিত পীর মাসুদ মিয়ার (৫০) সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পলাতক আছে মাসুদ। মাসুদ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাফর্তা গ্রামের আফসার আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি আবু সিদ্দিক মামলার বরাত দিয়ে জানান, গত ১৯ ডিসেম্বর সাগর আলী পীর আসবে জানিয়ে ভুক্তভোগী নারীকে তার বাসায় আসতে বলেন। সেখানে তাকে পান খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে মাসুদ। স্বামীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পীর মাসুদ মিয়া পালিয়ে যান। মাসুদকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।