ভাঙ্গা হাইওয়ে থানার সেই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
'হাইওয়ে পুলিশ ব্যতিত অন্য কোনো সংগঠন বা ব্যাক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায় দায়িত্ব হাইওয়ে পুলিশ নেবে না' এমন বিতর্কিত বক্তব্য দেওয়ায় ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশের সেই টিআই (ট্রাফিক পরিদর্শক) এএসএম আসাদ উজ্জামানকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ মাদারীপুরের পুলিশ সুপার মো. হামিদুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বিতর্কিত বক্তব্য প্রদান এবং সে বক্তব্য ভাইরাল হয়ে যাওয়ায় তাৎক্ষণিক বদলি করা হয়েছে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকারী টিআই এএসএম আসাদ উজ্জামানকে। ওই থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আলমকে ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ওসির পদায়ন না হওয়া পর্যন্ত শাহ আলম এ দায়িত্ব পালন করবেন।'
ভাঙ্গা হাইওয়ে থানার ওসির দায়িত্ব পাওয়া শাহ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বদলির আদেশ পেয়ে আসাদউজ্জামান গত শুক্রবারই ভাঙ্গা ত্যাগ করে মাদারীপুর চলে গেছেন। তবে, তাকে কী কারনে তাৎক্ষণিক বদলি করা হয়েছে বদলির আদেশে তা উল্লেখ করা হয়নি।'
জানা গেছে, গত ৬ এপ্রিল ওই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সিলেট রেঞ্জে বদলি হওয়ায় এবং নতুন ওসি যোগদানে দেরি হওয়ায় টিআই এএসএম আসাদ উজ্জামানক ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার পর দিন গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একটি সাংবাদিক সম্মেলন করে লিখিত বক্তব্য দেন তিনি। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ভাইরাল হয়। এরই প্রেক্ষাপটে গত শুক্রবার তাকে তাৎক্ষণিক বদলি করা হয়। তাকে বর্তমানে মাদারীপুর হাইওয়ে রিজিওনাল অফিসে সংযুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবারই ভাঙ্গা ত্যাগ করেছেন তিনি।
বক্তব্যটি ভাইরাল হওয়ার পর ওসির দায়িত্বে থাকা টিআই এএসএম আসাদউজ্জামান বলেছিলেন, 'এ চিঠি দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন ভাঙ্গা হাইওয়ে পুলিশ মহাসড়কে চাঁদাবাজি করবে না।'
'তবে ভাষাগত কিছু ক্রুটি হতে পারে' মন্তব্য করে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছিলেন তিনি।
