ভারতের উত্তর প্রদেশে ৯ বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের উত্তর প্রদেশ থেকে মানব পাচারকারী চক্রের প্রধানসহ অন্তত ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের এন্টি-টেরোরিস্ট স্কোয়াডের (এটিএস) এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া কাগজ বানিয়ে বাংলাদেশিদের এবং রোহিঙ্গাদের ভারতীয় নাগরিক হিসেবে দেখিয়ে বিদেশ পাঠাতে সহায়তা করার অভিযোগে মানব পাচারকারী চক্রের প্রধান মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অপর ৮ জন হলেন-রিংকু বিশ্বাস, অজিত দাস, রাজেশ বিশ্বাস, পলাশ বিশ্বাস, বিজয় দাস, গোলক মন্ডল, মানিক দত্ত ও গোবিন্দ দাস।
এটিএস জানায়, গ্রেপ্তারকৃতরা ভুয়া নামে শনিবার শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনে কানপুর হয়ে দিল্লি যাচ্ছিল। ভুয়া কাগজ নিয়ে তাদের দুবাই যাওয়ার কথা ছিল।
নাম বদলে ভারতীয় নাগরিকত্বের ভুয়া কাগজ তৈরি করে দিতে এবং ভারতীয় নাগরিক হিসেবে বিদেশে পাঠানোর জন্য মাহফুজুর রহমান তাদের কাছ থেকে নগদ ১ লাখ টাকা নিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন।
মাহফুজুর বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা এবং এখন কলকাতায় থাকেন। গত ৩-৪ বছর ধরে তিনি এ কাজ করে আসছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।