বেনাপোল

ভারতে পাচারকালে ৭ বস্তা বাংলাদেশি কয়েনসহ গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় সাত বস্তা বাংলাদেশি কয়েনসহ এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে বিজিবি।

এসব বস্তায় দুই টাকা ও এক টাকার কয়েনসহ মোট ৮৩ হাজার টাকার মুদ্রা ছিল বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ বাংলাদেশি কয়েন নাভারণ থেকে ইজিবাইকে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। পরে বিজিবি সদস্যরা বেনাপোল-যশোর সড়কের আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে সাতটি বস্তায় থাকা ৮৩ হাজার টাকার কয়েন জব্দ করে। এসময় আবদুর রহমান নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মামলা বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন কয়েনের বস্তাগুলো ভারতে পাচার করা হচ্ছিল।