ভারতে ৩ বছর কারাভোগের পর ফিরলেন একই পরিবারের ৩ সদস্য

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

ভারতে ৩ বছর কারাভোগের পর একই পরিবারের ৩ সদস্যকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

গতকাল শনিবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

তারা হলেন: খুলনার রূপসা থানার জেসমিন খাতুন (৩৫), লোকমান হোসেন (৪৪) ও তার ছেলে মো. রাছেল আলী (১৮)। তারা সবাই একই পরিবারের সদস্য।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভালো কাজে আশায় তারা ভারতে বেঙ্গালুরু শহরে যান। সেখানে পুলিশের কাছে ধরা পড়লে আদালত তাদের ৩ বছরের কারাদণ্ড দেন।'

তিনি আরও বলেন, 'ইমিগ্রেশন শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বেসরকারি সংস্থা রাইটস যশোর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবে।'

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ডেইলি স্টারকে বলেন, 'পরিবারের কাছে হস্তান্তরের জন্য রাইটস যশোর তাদের গ্রহণ করেছে।'

রাইটস যশোর'র কর্মকর্তা তৌফিক আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'আমাদের শেল্টার হোমে রেখে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'