ভুয়া নিয়োগ চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

স্টার অনলাইন রিপোর্ট

চাকরি প্রার্থীদের ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা মেট্রো সাউথ।

এরা হলেন, রংপুরের পিরগাছা উপজেলার আস্তরাম গ্রামের মৃত নজর আলীর ছেলে মো. মফিজুল হক (৪২) ও গঙ্গাচড়া উপজেলার পূর্ব কচুয়া গ্রামের মৃত ওয়াহেল উদ্দিন চৌধুরীর ছেলে বাবু চৌধুরী (৫৫)।

পিবিআই জানায়, মফিজুল হকের মূল পেশা চাকরি প্রার্থীদের ভুয়া নিয়োগপত্র দেওয়া। এজন্য তিনি ৫ লাখ টাকা থেকে শুরু করে ২০ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। সরকারি অফিসে বিভিন্ন সহকারী পদে নিয়োগ দেওয়ার কথা বলে বহুবার তিনি টাকা আত্মসাৎ করেছেন।

মফিজুল ও তার সহযোগী বাবুর কাছ থেকে নিয়োগ দেওয়ার চুক্তিপত্র ও চেক উদ্ধার করেছে পিবিআই ঢাকা মেট্রো সাউথ।

পিবিআই জানায়, সম্প্রতি তারা প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ দেওয়ার কথা বলে অন্তত ১৭ জনের কাছ থেকে ১১ লাখ টাকা করে নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। মফিজুলের মোবাইল অ্যাপস থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৭টি প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে।

পিবিআই আরও জানায়, মফিজুল বিভিন্ন লোকের সঙ্গে অ্যাপসের মাধ্যমে মেসেজ আদান-প্রদান করতেন। আধুনিক যতো পদ্ধতি আছে তিনি তার অপব্যবহার জানেন।

পুলিশ বলছে, মফিজুল এলাকায় ইলেক্ট্রনিক্সের দোকান চালান। এই প্রতারণার টাকা দিয়ে তিনি গুলশানে একটি আবাসিক ভবনের শেয়ার মালিকানা কিনেছেন। তার কথা ও আচরণ অত্যন্ত সুচতুর। তিনি টপ লেভেল প্রফেশনাল প্রতারক। তার এই চক্রের অনেক সদস্য থাকলেও গতরাতে সহযোগী বাবু চৌধুরীকে পিবিআই গ্রেপ্তার করে। বাবু চৌধুরী চাকরি প্রত্যাশী বেকার যুবকদের সংগ্রহ করে মফিজুলের কাছে এনে দেন। চক্রের বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এ বিষয়ে গুলশান থানায় একটি নিয়মিত প্রতারণা মামলা হয়েছে।