লালমনিরহাট 

‘ভূমিদস্যু’দের হামলায় সাংবাদিক আহতের ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধায় সংঘবদ্ধ ‘ভূমিদস্যু’দের হামলায় সাংবাদিক সেলিম সম্রাট আহত হওয়ার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পারুলিয়া তিস্তা নদীর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন--হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার তাইজুল ইসলাম মুকুট, আলী রেজা বাদল ও মুকুটের ছেলে মিরাজুল ইসলাম হৃদয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ওই তিন জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

lalmonirhat_journalist_beaten-02_0.jpg
সেলিম সম্রাটের ওপর সংঘবদ্ধ ভূমিদস্যুদের হামলার একটি ভিডিও পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবি: ভিডিও থেকে নেওয়া

দ্য ডেইলি স্টারকে তিনি জানান, ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গত রোববার বিকেলে উপজেলার বড়খাতা এলাকায় জমি দখল সংক্রান্ত ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় পত্রিকা দৈনিক বাহান্নর আলো’র হাতীবান্ধা প্রতিনিধি সেলিম সম্রাট। হামলায় আহত সম্রাটকে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং রোববার রাতে সাংবাদিক সেলিম সম্রাট বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন।