মদ কেন মাদকদ্রব্য, প্রশ্ন হাইকোর্টের

স্টার অনলাইন রিপোর্ট

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় মদকে মাদকদ্রব্য শ্রেণিতে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

আজ সোমবার হাইকোর্ট বেঞ্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী 'মাদকদ্রব্য' শ্রেণিতে মদের অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রুলের ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

এই আইনে মদকে 'মাদকদ্রব্য' শ্রেণিতে অন্তর্ভুক্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীয়তনগরের আরজে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ও এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুকের মদকে মাদকদ্রব্যের বাইরে রাখতে সরকারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে ওই রিট আবেদনটি করেন।

আবদেন তারা বলেন, মদ একটি আমদানিযোগ্য এবং রপ্তানিযোগ্য পণ্য। সুতরাং মদ ও মাদকদ্রব্য এক নয়।

আবেদনকারীরা আরও বলেন, মাদকদ্রব্যের শ্রেণিতে অন্তর্ভুক্তির কারণে মদের ব্যবসা করতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আইনজীবী আহসানুল করিম আবেদনকারীদের পক্ষে আদালতে যুক্তি দেখান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন।