মন্দিরে হামলা: কুমিল্লায় গ্রেপ্তার আরও ১

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লায় গত বছর দুর্গাপূজার সময় পূজামণ্ডপে কোরআন রাখা ও এর জেরে ঠাকুরপাড়ার কালিতলা মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় আরও ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আবাদ আলী (৩৮) কুমিল্লা শহরের মোগলটুলী এলাকার বাসিন্দা।

তাকে গ্রেপ্তারের পর সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আদালত পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই নিয়ে সংশ্লিষ্ট মামলায় ৫০ জনের বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর ডেইলি স্টারকে জানান, গত বছর নানুয়ার দীঘিরপাড়ে পূজামণ্ডপে সহিংসতার ঘটনার ভিডিও ফুটেজে আবাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

তার বিরুদ্ধে মাদক ও চুরির একাধিক মামলা আছে।