মন্দির-মণ্ডপে হামলা: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের
দেশের ৬ জেলায় ১৩ থেকে ১৮ অক্টোবর দুর্গা পূজাকে কেন্দ্র করে মন্দির ও মণ্ডপে হামলা ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন।
একইসঙ্গে আদালত রুল দিয়েছে, সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না।
জেলাগুলো হলো— কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁদপুর ও রংপুর।
আজ বৃহস্পতিবার বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাসের করা রিট আবেদন শুনানি নিয়ে আদালত আদেশের পাশাপাশি রুল দেন।
চলতি বছরের ১৩ থেকে ১৮ অক্টোবর হামলা ও সহিংসতায় ৮ জন নিহত ও আরও অনেকে আহত হওয়া, পূজা মণ্ডপ, মন্দির ও বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আদালতের নির্দেশনা চেয়ে গত ২১ অক্টোবর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) বা জনস্বার্থে মামলার আবেদন করা হয়েছিল।
আবেদনের বলা হয়, স্থানীয় প্রশাসন হামলা রোধে ব্যর্থ হয়েছে। ভার্চুয়াল শুনানিতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ।