মসলা বাটার শিল দিয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
গাজীপুরের টঙ্গীতে ঝগড়ার এ পর্যায়ে ফয়সাল আলম খান (৩৩) নামে এক ব্যক্তিকে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে ও গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগে তার স্ত্রী মোরশেদা খামারুকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর পূর্ব আরিচপুরের ভূঁইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) জাবেদ মাসুদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ফয়সাল আলম খান সিলেটের রইস আলী খানের ছেলে এবং তার স্ত্রী মোরশেদা খামারু রাজশাহীর বাগমারা থানার সাদিপুর গ্রামের মনসুর খামারুর মেয়ে।
ওসি জাবেদ মাসুদ বলেন, 'এক বছর আগে ফয়সাল তার স্ত্রীকে নিয়ে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার রফিকুল ইসলামের বাড়ি ভাড়া নেন। তিনি রং মিস্ত্রীর কাজ করতেন। মোরশেদা ১৩ বছর আগে ফয়সালকে বিয়ে করেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই বিবাদ লেগে থাকতো। আজ সকাল ১১টায় আবারও ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে মোরশেদা মসলা বাটার শিল দিয়ে ফয়সালের মাথায় আঘাত করেন। পরে সে লুটিয়ে পড়লে তাকে গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন।'
তিনি আরও বলেন, 'এ ঘটনার পর মোরশেদা টঙ্গী পূর্ব থানায় এসে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ মোরশেদাকে সঙ্গে নিয়ে তার বাসায় যায়। সেখানে ফয়সালকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদা তার স্বামীকে শিল দিয়ে মাথায় আঘাত ও পরে গলায় গামছা পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ মোরশেদাকে গ্রেপ্তার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'