মহানবীকে অবমাননার মামলায় ৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে দায়ের করা সাইবার ক্রাইমের মামলায় তিন জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা দ্য ডেইলি স্টারকে জানান, সাজা পাওয়া আসামিরা হলেন- আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন।  

তিনি আরও বলেন, 'দেশে সাম্প্রতিক সময়ের ধর্মীয় দাঙ্গার ঘটনার মধ্যে প্রথমবারের মতো এই রায় হলো।'

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আমিরুল ও জহিরুল আদালতে উপস্থিত ছিলেন। তবে, অন্য আসামি খোকন পলাতক ছিলেন।

একই রায়ে বিচারক ৩ আসামিকে ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের ঘোষণা দেন।

মামলার প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ২ নভেম্বর পলাতক আসামি খোকন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই এলাকার হিন্দু যুবক রাজীব সাহার পরিচয় জাল করে এবং নবীকে নিয়ে কুৎসা রটিয়ে একটি পোস্ট প্রকাশ করে। আমিনুল পোস্টটি ছাপিয়ে মুসলিম গ্রামবাসীদের মধ্যে বিতরণ করে রাজীবের ওপর বিক্ষুব্ধ করে। পরে মুসলমানরা রাজীবের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সে সময় তারা এলাকার অন্যান্য হিন্দুদের বাড়িতেও হামলা চালায় এবং তাদের মন্দির ভাঙচুর করে।

এ ঘটনায় ১০ জনকে আসামি করে ২০০৬ সালের আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়।

মামলায় আমিরুল ও জহিরুল বিচারিক স্বীকারোক্তি দিয়েছেন এবং অন্য ১৫ জন সাক্ষী দোষীদের বিরুদ্ধে অভিযোগ সমর্থন করেছেন।
পরে তদন্তে জানা যায়, আসামি খোকন হিন্দু যুবক রাজীবের ফেসবুক আইডি ব্যবহার করে আসামি জহুরুলের কম্পিউটারের দোকান থেকে ফেসবুক পোস্ট আপলোড করেছিল। 

পরে আসামি আমিনুল তার ফটোকপির দোকান থেকে নবীজির ফটোকপি করা ছবি বিক্রি করেন।

রায়ে মামলার অপর ৭ আসামিকে খালাস দেওয়া হয়।