মহেশখালীতে মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় পৌর মেয়র কারাগারে
কক্সবাজারের মহেশখালীতে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় পৌর মেয়র মকছুদ মিয়ার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মকছুদ মিয়া মহেশখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগ নির্বাহী কমিটির সদস্য।
আজ বুধবার বেলা ১টায় কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত এ আদেশ দেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মামলায় বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা।
মামলার বাদী মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৬৭) মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি মুক্তিযোদ্ধা সংসদ মহেশখালী উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ।
গত ২৪ নভেম্বর রাতে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার থেকে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন নিজ বাড়ি ফেরার পথে লিডারশিপ স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছলে পৌর মেয়র মকছুদ মিয়ার নেতৃত্বে একদল লোক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৬ নভেম্বর আহত আমজাদ হোসেন বাদী হয়ে মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, 'মহেশখালীতে চিংড়ি ঘেরের মালিকানার বিরোধের জের ধরে গত ২৪ নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে পৌর মেয়র মকছুদ মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন দুর্বৃত্ত মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়েছিলেন। মূলত হত্যার উদ্দেশ্যে তার (আমজাদ) ওপর এ হামলা চালানো হয়।'
'এ ঘটনায় গত ২৬ নভেম্বর আমজাদ হোসেন বাদী হয়ে মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এর আগে চিংড়ি ঘের থেকে মাছ লুটের অপর একটি ঘটনায়ও আমজাদ হোসেন বাদী হয়ে মেয়র মকছুদের বিরুদ্ধে আলাদা মামলা করেছিলেন। পরে গত ১৫ ডিসেম্বর মেয়র মকছুদ মিয়া ওই দুই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন পান,' বলেন তিনি।
তিনি আরও জানান, আজ বুধবার শেষদিনে মামলা দুটিতে জামিনের জন্য কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালতে আত্মসমর্পণ করে আবেদন করেন মকছুদ মিয়া। আদালত চিংড়ি ঘের ডাকাতি মামলায় জামিন দিলেও মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যা চেষ্টা মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।'
কক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক চন্দন কুমার দাশ বলেন, আদালতে জামিন না মঞ্জুর হওয়া আসামি পৌর মেয়র মকছুদ মিয়াকে বিকেলেই পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।