মাদক চোরাকারবারিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত র্যাব সদস্য আইসিইউতে
কুমিল্লায় মাদক চোরকারবারিদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আহত র্যাব সদস্যকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
আজ শুক্রবার রাতে র্যাব-১১ সিপিসি-২-এর কমান্ডার মেজর মোহাম্মদ সাবিক হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২-এর একটি বিশেষ অভিযান দল গত ৭ এপ্রিল রাতে কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকার পৌঁছে দূর থেকে ২০-২৫ জন মাদক চোরাকাবারিকে দেখতে পায়। তারা মাদকের বস্তা নিয়ে মাঠ দিয়ে যাচ্ছিল। এসময় কর্তব্যরত টহল কমান্ডার তাদের থামতে বলে এবং নিজেদের র্যাব পরিচয় দেয়।
তিনি আরও জানান, কিন্তু র্যাবের উপস্থিতি দেখে কিছু চোরাকারবারি দৌড়ে পালিয়ে যায় এবং তাদের কয়েকজন র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পরবর্তীতে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি করে। এ ঘটনায় একজন র্যাব সদস্য ৩ জন মাদক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ র্যাব সদস্য ও মাদক চোরাকারবারিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুলিবিদ্ধ র্যাব সদস্য কর্পোরাল মো. রুবেল গাজীকে চিকিৎসক পর্যবেক্ষণে রাখেন এবং অবস্থার অবনতি চিকিৎসকরে পরামর্শে কুমিল্লা সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান চলমান আছে। এছাড়া, গ্রেপ্তার মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
