‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ সাইনবোর্ড নিয়ে সমালোচনা

মিন্টু দেশোয়ারা

হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে চাপে ফেলতে বাড়িতে বাড়িতে দুই রকমের সাইনবোর্ড টানিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ার পর বিজিবির এমন কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। অনেকে আবার একে মানবাধিকার লঙ্ঘন হিসেবেও দেখছেন।

মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রাম ঘুরে দেখা গেছে, বেশ কয়েক জনের বাড়িতে একটি করে সাইনবোর্ড টানিয়েছে বিজিবি। তবে, যাদের বাড়িতে এ ধরনের সাইনবোর্ড টানানো হয়েছে তারা এ বিষয়ে কিছু বলতে রাজী নন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাইনবোর্ডগুলোতে লেখা আছে, 'চোরাকারবারির বাড়ি', 'মাদক ব্যবসায়ীর বাড়ি'।

গত এক সপ্তাহে বিজিবি–৫৫ ব্যাটালিয়ন মাধবপুর, চুনারুঘাট ও শ্রীমঙ্গল সীমান্ত এলাকায় ১৫০ জন চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে এসব সাইনবোর্ড টানায়। 

এ বিষয়ে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, হবিগঞ্জের সমন্বয়ক তোফাজ্জল সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'অপরাধীরা শাস্তি পাক। তবে, এই সভ্য দেশে এ ধর‌নের সাইন‌বোর্ড লাগা‌নো মানবা‌ধিকার লঙ্ঘন। এসব বাড়িতে শিশু-নারীসহ অন্যরা বসবাস ‌করেন। কোনো কিছু বিবেচনা না করেই এমন সাইনবোর্ড টানিয়ে ঠিক করেনি তারা।'

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী বলেন, 'অনেকেই চোরাই মালামালসহ আটক হন। কারাভোগের পরও আবারও সেই কাজ করেন। পুনরায় মামলা হয়েছে। কেউ কেউ পলাতক আছেন। সামাজিকভাবে চাপে ফেলতেই গত এক সপ্তাহে ১৫০ জনের বাড়িতে এ ধরনের সাইনবোর্ড দেওয়া হয়েছে। আত্মসমর্পণ করলে সাইনবোর্ডগুলো খুলে নেওয়া হবে।'