মাদ্রাসার জমি দখলের অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার আশুলিয়ায় একটি মাদ্রাসার জমি দখলের অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা বকুল ভূঁইয়াসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

আটক যুবলীগ নেতা বকুল ভূঁইয়া আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

আজ বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসোয়াদুর ইসলাম বলেন, 'বিকালে আশুলিয়ার পলাশবাড়ির কাইচাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। সেখানে তারা একটি মাদ্রাসার জমি দখল করতে গিয়েছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।'

এ ঘটনায় মামলা নথিভুক্ত করে আজ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

যোগাযোগ করা হলে আশুলিয়া থানা যুবলীগের যুগ্মআহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়া দ‍্য ডেইলি স্টারকে বলেন, 'বকুল ভূঁইয়া আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। জমি মাপামাপির সময় মাদ্রাসার লোকজন তাদেরকে ফোন করে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে।'

তিনি আরও বলেন, 'তিনি জমি দখল করতে যাবেন কেন। তাকে ফাঁসানো হয়েছে। উপর মহলের তদবিরের জন‍্য মামলাটি হয়েছে।'