মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরের সদরপুরে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রের মা এ ব্যাপারে বাদী হয়ে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসে গত সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আলী আকবর (২৩)। তিনি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামের বাসিন্দা।

যৌন নির্যাতনের ফলে ওই শিশুটি অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার সকালে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ১০ বছর বয়সী ছাত্র প্রতিদিনের মতো ওই মাদ্রাসার আবাসিক হলে ঘুমালে সোমবার গভীর রাতে মাদ্রাসা শিক্ষক আলী আকবর যৌন নির্যাতন করে। পরে শিশুটি তার মায়ের কাছে সব কথা খুলে বলে। এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন।'

ওসি আরও বলেন, 'আজ বুধবার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা করা হবে।'