মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা খালেকসহ ২ জনের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডলসহ ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামি হলেন—খান রোকনুজ্জামান। বর্তমানে তিনি পলাতক। সূত্র জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত দুজনের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণসহ মানবতাবিরোধী ৬টি অপরাধ প্রমাণিত হয়েছে।
২০১৭ সালের ১৯ মার্চ জমা দেওয়া অভিযোগপত্রে ৪ জন আসামির বিরুদ্ধে ৭টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ, ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। অন্য ২ আসামি
শর্তসাপেক্ষে জামিনপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ হেল বাকী ও পলাতক জহিরুল ইসলাম টেক্কা খান বিচার চলাকালে মারা যান।
মানবতাবিরোধী অপরাধে ২০১৫ সালের ২৫ আগস্ট সাতক্ষীরায় দায়ের হওয়া ৩টি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় খালেককে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল। এ ছাড়া, শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ ৫ জনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী খালেকের বিরুদ্ধে মামলা করেন।