মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
মানিকগঞ্জ পৌর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ওই কিশোরসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা করেন কিশোরীর মা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার দ্য ডেইলি স্টারকে জানান, ধর্ষণের অভিযোগে এক কিশোর (১৫) ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার জন্য শামীম হোসেন (৩০) নামে এক যুবকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানা-পুলিশ জানায়, গত ৮ মে বিকেলে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশি কিশোর। পরে ওই কিশোরী তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তারা ভয় পেয়ে তা চেপে যান। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার কয়েকজন তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগ জানার পর পুলিশ ওই কিশোর ও শামীম হোসেনকে আটক করে।
ওসি আবদুর রউফ সরকার বলেন, 'আজ শুক্রবার বিকেলে গ্রেপ্তার কিশোরকে কিশোর আদালতে এবং শামীমকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। বাকি ২ আসামিকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'