মানিকগঞ্জে ডাকাতি মামলার আসামির মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জর সিঙ্গাইরে আব্দুল মান্নান (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মান্নান ডাকাতি ও চুরির একাধিক মামলার আসামি।

আজ বহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের কালীগঙ্গা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার চোখ উপড়ানো ছিল।

আব্দুল মান্নান উপজেলার তালেবপুর গ্রামের কিফাজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকালে গরুর ঘাস কাটার জন্য মান্নান বাড়ি থেকে বড় হন। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। সকালে কালীগঙ্গা নদীর জামশা এলাকায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম মোল্লা বলেন, মান্নান বাড়িতে থাকতেন না, মৃত্যুর আগের দিন বাড়িতে আসেন। কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।