মানিকগঞ্জে ডিবি পুলিশের পোশাক পরে টাকা লুটের অভিযোগ
মানিকগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) পোশাক পরে মোবাইল ব্যাংকিংয়ের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫০ হাজার টাকা ও ৩টি মুঠোফোন লুটের অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নারাঙ্গাই এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন।
তিনি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং রকেটের মানিকগঞ্জ সদর উপজেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
অভিযোগে দেলোয়ার হোসেন জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে নারাঙ্গাই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের দোকানে লেনদেন শেষ করেন। এরপর তিনি মহাসড়কের কাছে যাওয়ার পরপর একটি প্রাইভেটকার থেকে ডিবি পুলিশের পোশাক পরা ৫ জনে নেমে এসে তাকে গাড়িতে উঠতে বলেন।
তিনি প্রাইভেটকারে উঠতে না চাইলে তারা তাকে জোর করে গাড়িতে তুলে হাতে হাতকড়া লাগিয়ে দেয়। এরপর দেলোয়ারের মুখ কাপড় দিয়ে বেঁধে তাকে মারধর করেন এবং তার কাছে থাকা ৫০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড ছিনিয়ে নেন।
দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, টাকা ও মুঠোফোন সেট ছিনিয়ে নেওয়ার পর তারা তাকে মহাসড়কের বারবাড়িয়া এলাকায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে নবীনগরের দিকে চলে যান।
'তাৎক্ষণিক আমি ঘটনাটি আমার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি,' বলেন তিনি।
এ বিষয়ে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিবির পোশাক পরে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ডিবির কোনো সদস্য এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'